Feb 24, 2012

ফাগুণ লেগেছে মনে মনে

2 comments
 লিঙ্গরাজ টেম্পলে...
ফাল্গুন পড়তে না পড়তেই পায়ের তলায় সর্ষে । তিনি যাবেন ভুবনেশ্বরে পরীক্ষা নিতে । ঊড়িষ্যা যাবেন শুনেই আমার কেমন ছোঁক ছোঁক অবস্থা । আকুলিবিকুলি প্রাণ ; সমুদ্রের ঢেউ যেন ডাকতে লাগল আমাকে । ভাবলাম উনি হয়ত বলবেন "পতির পুণ্যে সতীর পুণ্য ন‌ইলে খরচ বাড়ে"  কিন্তু পরদিনই দুটো টিকিট দেখালেন উনি । চোখ চিকচিক করে উঠল । তাহলে  এই ফাগুণেই দেখা হবে তার সাথে । ১৭ই ফেব্রুয়ারি খড়গপুর থেকে ট্রেনে চড়ে সোজা ভুবনেশ্বর । বিকেলে বিকেল হোটেলে যাওয়া । তারপরই প্ল্যান ছকে নেওয়া হল ।  ওনার পরীক্ষা নেওয়া ১৮তারিখে হোটেলের পিছনেই আইআইটি ভুবনেশ্বর সেন্টারে ।  হেঁটে ১৭তারিখেই আশপাশ দেখে নেওয়া হল । কোথায় অটোরিক্সা পাওয়া যায় , কোথায় ভাড়ার গাড়ি পাওয়া যায় ইত্যাদি । পরদিন ভোরে উনি পরীক্ষা নেবেন ১০টায় চলে যাবেন সেন্টারে । তার জন্য আমি প্রচুর ম্যাগাজিন , গল্পের ব‌ই আর আমার সর্বক্ষণের সাথী ল্যাপটপটিকে নিয়ে গেছি । হোটেলের ঘরে টিভিও আছে একখানি । সেখানে বাংলা চ্যানেল ও আসে খান কয়েক । কিন্তু ইন্টারনেট কানেকশান খুব হতাশ করল ।তবু একটু ব‌ইপড়া আর টিভি দেখা হল ।  ১৮তারিখে ভোরে উঠে স্নান সেরে আমরা দুজনে অটোরিক্সা করে ভোর সাতটা নাগাদ বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পলের উদ্দেশ্যে । 

মন্দিরময় ভুবনেশ্বরে এটি একটি অন্যতম বৃহত মন্দির ।  কলিঙ্গ স্থাপত্যে একে পঞ্চরথের আদল বলা হয় ।  ১১ th century তে প্রতিষ্ঠিত এই মন্দির নির্মাণ করেছিলেন  সোমবংশীয় রাজা জজাতি কেশরী ।  ভুবনেশ্বরের সবচেয়ে বড় মন্দির এটি ।

ঊড়িষ্যার কোনো মন্দিরে দর্শনার্থীরা লিঙ্গের মাথায় জল, ফুল বা দুধ চড়াতে পারেনা ।একদল পান্ডাদের স্বেচ্ছাচারিতা,  অহমিকা আর ট্যুরিষ্ট বিদ্বেষ জায়গাটির স্থান মাহাত্ম্যকে কিছুটা ম্লান করে দিয়েছে । যারাই আসছেন দূর দূর থেকে সকলের মুখেই সেই এককথা ।   লিঙ্গরাজ যেন ঐ প্রদেশের পূজারী এবং সেবায়েতদেরই সম্পত্তি । উত্তর বা পূর্ব ভারতের আর কোথাও এমনটি খুঁজে পাইনি ।      ভূবনেশ্বরী, কালী, সাবিত্রী, যমরাজ ইত্যাদি কয়েকটি মন্দিরে প্রবেশ করলাম ।   মন্দিরের ভেতরে  সেলফোন ও ক্যামেরা নিষিদ্ধ । এযুগেও এত রক্ষণশীলতা । যারপরনেই অবাক হলাম ।  
 মন্দিরের প্রবেশদ্বার 
আসার পথে রামেশ্বর মন্দির দেখলাম আর দূর থেকে দেখলাম বিন্দুসাগর ।   হোটেলে ফিরে এলাম সাড়ে আটটার মধ্যে । এসে নিরামিষ ব্রেকফাস্ট । দুধ কর্ণফ্লেক্স, ফল, এবং পুরী সবজী । এবার উনি চলে গেলেন পরীক্ষা নিতে আর আমার অখন্ড অবসরের সঙ্গী তখন ব‌ইমেলায় কেনা একরাশ ব‌ই । গৌতম ঘোষদস্তিদারের "পুরুষ ও প্রকৃতি" ব‌ইখানি পড়লাম । দারুন আনন্দ পেলাম ।  জয়দেব-পদ্মাবতী, চন্ডীদাস ও রজকিনী রামিনী এবং বিদ্যাপতির কাব্য রচনায় নারীর প্রভাব আর সেই নিয়ে এক নিখুঁত প্রেমের গল্প । এযুগের কবি ও লেখক গৌতম ঘোষ দস্তিদারের অপূর্ব লেখনীতে তা বড়ৈ সুখপাঠ্য হয়ে উঠেছে । বাংলাসাহিত্যের ইতিহাস আমার একটি অতি প্রিয় বিষয় ছিল উচ্চমাধ্যমিকে । আবার বেশ ঝালিয়ে নিলাম সেই অবসরে । দুপুরে কোলকাতা দূরদর্শনে "কলঙ্কিনী কঙ্কাবতী"  সিনেমাটি দেখলাম ।  টিভিতে সিনেমা বড় একটা দেখিনা । সেই অবসরে বেশ আনন্দ দিল । সন্ধেবেলায় উনি ফিরলেন সাড়েসাতটায় । ডিনার খেলাম । অনবদ্য এক কাবাব প্ল্যাটার নিলাম । চিকেন্, মাটন কাবাব এর সাথে স্যালাড, তন্দুরী চিকেন, একবাটি ডাল মাখানি ও নান । সব দু পিস করে খেতে খেতে পেট ভরে যায় । বেশ ভ্যালু ফর মানি ডিশ । শেষে একটু আইসক্রিম ।  আবার একটু হেঁটে আসা ফাগুণের হাওয়া গায়ে মেখে । পরদিন ১৯তারিখে একটু দেরী করে ঘুম ভাঙল । যথারীতি ব্রেকাফাস্ট খেয়ে ন'টার মধ্যে উনি চলে গেলেন শেষদিনের পরীক্ষা কন্ডাক্ট করতে  । আর আমার অবসর শুরু হল গীতগোবিন্দমের বাংলা অনুবাদের চেষ্টা নিয়ে । সেদিন দুটো বাংলা ম্যাগাজিন ছিল সঙ্গী ।  দুটোর মধ্যে হোটেল থেকে চেক আউট করে আমি নীচে হোটেলের লাউঞ্জে এসে বসলাম । উনি আসবেন দুটোনাগাদ । একখানা ভাডার গাড়ী করে এবার গন্তব্য ভুবনেশ্বর থেকে পুরী ।  
পথে পড়ল পিপলি ।
পিপলি ট্যুরিস্ট মার্কেট
ওড়িশার একটি গ্রাম আজ থেকে বহুবছর ধরে তাদের এপ্লিক শিল্পের সুচারু কারিগরীকে বাঁচিয়ে রেখেছে । হাইওয়ের দুধারে পিপলি আজ একটি ট্যুরিস্ট মার্কেট । ওড়িশার যাবতীয় দৃষ্টিনন্দন হ্যান্ডিক্রাফট পাওয়া যায় এখানে । তারপর পুরী পৌঁছলাম বিকেলে । সমুদ্রের ধারেই একটা হোটেলে ঢুকে চেক ইন করলাম । ঘর থেকে সমুদ্র দেখা যায় । ব্যস‌ ! আর কিছুই প্রত্যাশিত ছিলনা সেই মূহুর্তে ।  ব্যাগপত্র রেখে রিক্সো করে সোজা জগন্নাথ মন্দির । পান্ডার সাহায্যে একদম তিন জ্বলজ্যান্ত বিগ্রহের সম্মুখে আমি । শিহরিত, তৃপ্ত এক মাদকতায় আপ্লুত আমরা । পুজো দিলাম । প্রসাদ পেলাম । জগন্নাথের ভোগ খেলাম । আগুণ গরম ভাত, পোলাও, খিচুড়ি, সুক্তো, অড়হর ডাল এবং পায়েস । সেই সন্ধ্যে বেলায় একসাথে লাঞ্চ এবং ডিনার হয়ে গেল জগন্নাথের কৃপায় । হোটেলে ফেরার পথে শঙ্করাচার্য প্রতিষ্ঠিত পুরীধামের আশ্রমে গেলাম ।  তারপর হোটেলে ফিরে বিশ্রাম সেরাতের মত । পরদিন স্মার্টফোনের সাহায্যে জানা গেল পুরীর সি বিচে  সমুদ্রদয়ের সময় । সেই মত বিছানা ছেড়ে পায়ে পায়ে বালির চরে ।
 সেই চেনা বঙ্গোপসাগরের পুরীর সমুদ্রতট 
সূর্যদেব গুগলের নির্ঘন্ট মেনে যথারীতি উঠে পড়লেন ঘুম থেকে ।  পুবের আলো, লালচে আকাশ, সমুদ্রের রাশি রাশি ঢেউ, নোনাজলের ফেনা সবকিছু মিলে মিশে একাকার হয়ে গেছিল সেই ভোরে । সেদিন ছিল শিবরাত্রি । পুরীতে কোনো শিবলিঙ্গ খুঁজে পেলামনা যে গিয়ে একটু জল ঢেলে পুজো করব । অগত্যা বালির চরে নিজেই বালি দিয়ে এক ঢিপি বানিয়ে মন্ত্র বলে জাল ঢাললাম তার মাথায় আঁচলা ভরে । তারপর জলযোগ করলাম কচুরী তরকারী দিয়ে । এবার হোটেলে ফিরে এসে স্নান সেরে একটা গাড়িভাড়া করে চিল্কার পথে । 
চিল্কায় পৌঁছে স্পীডবোটে ভাসমান.... ডলফিন, রেড ক্র্যাব ও পরিযায়ী পাখির  উদ্দেশ্যে 

Feb 15, 2012

ওদেরো পরাণো যাহা চায়..

0 comments



শীত এখন যাই যাই । বসন্তে এখন খুশির ভালোবাসাবাসির হাওয়া । সরস্বতী পুজোতেই সেই হাওয়া ব‌ইতে শুরু করে দিয়েছে । আশি নব্বুইয়ের দশকের হাওয়া ছিল একরকম । আর এখনকার হাওয়ায় অন্য মাদকতা । অর্কুট চৌকাঠ ডিঙিয়ে, ফেসবুকের উঠোন পেরিয়ে, ট্যুইটারের খুপরিতে সেই হাওয়া একটু অন্য স্বাদের । ছেলেমেয়েগুলোর ভাল্লাগেনা একটুতেই । বসন্তের হাওয়া মাখতেও ভাল্লাগেনা ওদের । সব সময়েই যেন ওঠ ছুঁড়ি তোর বিয়ে ।গায়ে হাওয়া মাখবে কি ! এক তো সরস্বতীর পেন্নামের নেমকম্ম সমাধা করেই লক্ষ্মীর ঝাঁপিতে সঁপেছে মন । লক্ষ্য শুধুই কেরিয়ার । আর ডাইভারশান বলতে স্টেট্যাস আপডেট । খুব ডিজিটালি একটিভ হলে ব্লগে উগরে দাও মনের ব্যথা । ওদের ব‌ইপড়ার সময় নেই । ওরা ব‌ইমেলা যায় বিরিয়ানি খেতে আর শীতের মিঠে রোদে পিঠে পিঠ দিয়ে বসতে । ওদের বেগুণভাজায় আপত্তি । কি না ডিপ ফ্রায়েড । কিন্তু ফ্রেঞ্চফ্রাইতে ফ্যাশন ইন । ওদের পিত্জায় নাড়িকাটা কিন্তু লুচি? নৈব নৈব চ । ওরা ভালবাসে ভ্যালেন্টাইনসডের স্বীকার হয়ে কিউপিডের পায়ে অর্ঘ্য নিবেদন করতে । তার জন্য যা করতে হয় তাতে রাজী । কি আর করে ! আগে প্রেম একবার কি বড়জোর দুবার আসত নীরবে । এখন আসে বারবার এবং সরবে । আর শপিংমলের মার্কেটিং কি বিফলে যাবে? বিশাল বিশাল রক্তাক্ত হৃদয়নন্দন বনে নিভৃত এ নিকেতনে একাখানি ন্যানো হৃদয় যদি নাই বা দিতে পারে তাহলে কি আর র‌ইল ! সে হীরে হোক বা সেমিপ্রেসাস । নিদেন এক গেলাস সুশীতল গোলাপী পানীয়ের মাঝে ভাসমান একটুকরো বাসি ষ্ট্রবেরী । কিম্বা একপাউন্ড হার্টশেপের চকোলেট কেকের মাঝখানে প্রকান্ড এক চেরী ! তাও স‌ই । সেই কবেই বাংলাব্যান্ডের গানে মন্ত্রমুগ্ধ হয়ে শিখে রেখেছে " ভালোবাসা মানে আর্চিস গ্যালারি " ! ক্ষতি কি ! ভালোই বলেছিল তারা । কিন্তু ওরা তো গাছেরো খেল তলারো কুড়লো ।

মধ্যিখান থেকে একবার গাছের পাতা ঝরল মানেই দেশের জিডিপি হৈ হৈ করে বাড়ল কিছুটা । ইন্ডিয়া শাইনিং মশাই । রোজ ডে তে গোলাপ বিকল আগুণ দামে । প্রোপোজ ডে তো গ্রীটিং কার্ডস। কিসিং ডে তে চকোলেট । হাগ ডে তে ডিওডোরেন্ট । আরো কত কি ! যত্তসব ! দিন থাকলেই প্রেম, না থাকলে ঘোড়ার ডেম ! আর সন্ত ভ্যালেন্টাইন ওপর থেকে বলেন " কেমন দিন দিয়েছি বল্‌ "
মক্‌টেল থেকে চকোলেট, কফি থেকে কেক, সোনা থেকে জাঙ্ক সর্বত্র এক কথা " হিয়ার মাঝে লুকোনো একটাই কথা " ভালোবাসি, ভালোবাসি, এই শপিং মলে, মেট্রোরেলে, সুইমিংপুলে, তন্ত্রেমন্ত্রে ভালোবাসি ! সেই কবে কবি বলেছিলেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত ! তারা পলাশ চিনুক না চিনুক আজ কিন্তু ভালোবাসার দিন আগতপ্রায় । ভালোবাসায় মধু উবে যাওয়ার আগেই না ফেসবুকে স্টেটাস আপডেট করতে হবে মন্দারমণির বালুকাবেলায় লিখিনু সে লিপিখানি প্রিয়তমারে ।

পাড়ার গোপালবাবু বলছিলেন অশোকবাবুকে "মশাই নাতনিটা বিয়ে করতেই চায়না, বলালম, ঢের হয়েছে পড়াশুনো , অনেক রোজগার পাতি হল, অনেক ভালোবাসাবাসি তো হল, এবার আগে বিয়েটা সেরে ফেল" তা বলে কি জানেন ? " নিজের আখের আগে গুছোতে দাও, বাজারে নিজেকে আগে দাঁড় করাই তারপর বিয়ে । তার আগে বাজিয়ে, নাচিয়ে, কুঁদিয়ে বেড়িয়েচেড়িয়ে, খসিয়ে নাকি পরখ করে নিতে হবে মনের মানুষটিকে"
অশোকবাবু প্রত্ত্যুত্তরে বললেন "কি আর করবে গোপাল, ওকে ওর মত থাকতে দাও; যুগটাই এমন, এ কি ডি এল রায়ের যুগ যে এমনি এসে ভেসে যাবে? আলোর মতন, হাসির মতন, হাওয়ার মতন? এ তো নেশার যুগ এয়েচে । তোমার নাতনি ডিজিটাল ঢেউ আলবাত পেরুবে । গ্লোবালাইজেশানের ঢেউ এয়েচে না দেশে" !


Feb 12, 2012

ভীমবেটকা

0 comments

কেমন স্থান এই ভীমবেটকা? কোথায় এই গুহা এবং তার গুহাচিত্র?  ভীমবেটকা  যেতে হলে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কখন যাবেন সেই নিয়ে বিশদ আলোচনা  পড়ুন আনন্দবাজার পত্রিকার আর্কাইভে 
( " একটি প্রাগৈতিহাসিক চিঠি", প্রকাশিত আনন্দবাজার পত্রিকা শনিবার,৪ঠা ফেব্রুয়ারি, ২০১২)